নেত্রকোনায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার
নেত্রকোনার আটপাড়া উপজেলায় এক প্রতিবন্ধী (১৩) কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীটির বাবা গত বুধবার রাতে এক তরুণের বিরুদ্ধে আটপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে কিশোরীর মা কথা বলার জন্য পাশের বাড়ি থেকে কিশোরীটিকে তার ফুপুর কাছ থেকে মুঠোফোন আনতে পাঠান। মুঠোফোন আনার সময় এক তরুণ ওই কিশোরীর মুখ চেপে কাছের একটি জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছেলেটি পালিয়ে যান। কিশোরীকে বাড়ি নিয়ে যাওয়া হয়। ওই দিনই রাতেই পরিবারটি তাকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরী অভিযোগ করে, লিংটনই তার মুখে চেপে ধরে তাকে তুলে নিয়ে ধর্ষণ করে।
ঘটনার পর থেকে অভিযুক্ত লিংটন মিয়া পলাতক থাকায় তাঁর সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।
নেত্রকোনা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিবন্ধী ওই শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। সে এখন আশঙ্কামুক্ত।