নেত্রকোনায় ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের উৎরাইল বাজারে একটি আবাসিক হোটেল থেকে নুরুল ইসলাম (৩০) নামের এক বালু ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নুরুলের বাড়ি ঢাকার শান্তিনগর এলাকায়।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে নুরুল উৎরাইল বাজার এলাকার ওই আবাসিক হোটেলে থাকার জন্য আসেন। আজ সকাল ১০টার দিকে তিনি নাশতা খেয়ে একজনকে সঙ্গে নিয়ে তাঁর কক্ষে যান। দুপুরের দিকে ওই হোটেলের এক কর্মচারী কক্ষ পরিষ্কার করতে যান। কিন্তু ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে নুরুলের গলাকাটা দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। এরপর খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এখনো মামলা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ব্যবস্থাপক সুজন দাসকে আটক করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক বলেন, হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের সন্ধান পেয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে এখন বলা যাচ্ছে না।