নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উত্তর গোড়াগাও সবুজ নিকেতন উচ্চবিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনার ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত সোমবার রাত পৌনে একটা থেকে গতকাল মঙ্গলবার সকাল ছয়টার মধ্যে কোনো একসময় এ ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে চলে যাওয়ার পর এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা, বিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় ৯০ শতাংশ বিদ্যালয়ে শহীদ মিনার নেই। তাই প্রতিবছর বেশির ভাগ বিদ্যালয়েই শিক্ষার্থীরা অস্থায়ী শহীদ মিনার তৈরি করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। উত্তর গোড়াগাও সবুজ নিকেতন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা সপ্তাহখানেক ধরে বিদ্যালয় প্রাঙ্গণে মাটির বেদি করে কলাগাছ, বাঁশ, সুতা ও রঙিন কাগজ দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে। গত সোমবার দিবাগত রাত ১২টার পর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ওই শহীদ মিনারে ফুল দিয়ে চলে যায়। রাত পৌনে একটা থেকে সকাল ছয়টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা শহীদ মিনারের কলাগাছ ও বাঁশ কেটে ফেলে। গতকাল সকাল ছয়টার দিকে শিক্ষার্থীরা প্রভাতফেরিতে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শহীদ মিনার গুঁড়িয়ে যাওয়া অবস্থায় দেখতে পেয়ে শিক্ষক ও এলাকাবাসীকে জানায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হান্নান মিয়া বলে, ‘আমাদের এলাকায় আশপাশে কোনো শহীদ মিনার নেই। তাই প্রতিবছর আমরা সবাই মিলে এই স্কুলে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে ফুল দিই। দুষ্ট লোকেরা তা ভেঙে ফেলেছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুজ্জামান বলেন, রাতে সব শিক্ষার্থী শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করতে পারেনি। ভোরে এসে দেখে দুর্বৃত্তরা শহীদ মিনারটি গুঁড়িয়ে দিয়েছে।
কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস বলেন, দেশটি এখনো রাজাকারমুক্ত হয়নি। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা উচিত।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।