নেত্রকোনায় স্কুলছাত্রীর পেটে ছুরিকাঘাত ও আঙুল কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীর পেটে ছুরিকাঘাত ও আঙুল কর্তনের ঘটনা ঘটেছে। আহত ওই ছাত্রীকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ সূত্রে এ খবর জানা যায়।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে গতকাল সোমবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ছুরিকাঘাতকারীর তরুণের নাম শাহিন মিয়া (২২)। তিনি পাটরা গ্রামের আবদুল বারেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেয়েটি উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বেশ কয়েক মাস আগে শাহিন মিয়া তাকে প্রেমের প্রস্তাব দেন। এতে সে রাজি না হওয়ায় বিদ্যালয়ে যাওয়া-আসার পথে শাহিন তাকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি মেয়েটির পরিবার শাহিনের পরিবারকে জানালে শাহিন ক্ষিপ্ত হন। গতকাল সোমবার সন্ধ্যায় মেয়েটি যখন ঘরে পড়ালেখা করছিল, তখন তার মা পাশের রান্না ঘরে খাবার তৈরি করছিলেন। এমন পরিস্থিতিতে শাহিন ও তাঁর সহযোগী আল আমিন ঘরে ঢুকে মেয়েটির মুখে গামছা চেপে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে বখাটে শাহিন মেয়েটির পেটে ছুরিকাঘাত করেন এবং ডান হাতের চারটি আঙুল কাটেন। এ সময় মেয়েটির চিৎকারে পাশের ঘর থেকে তার মা দৌড়ে এলে দুজন পালিয়ে যান। পরে মেয়েটিকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মেয়েটির বাবা মোবাইলে প্রথম আলোকে বলেন, ‘শাহীন ও আল আমিন এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তারা আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে আহত করেছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন বলেন, ‘এ নিয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’