নেত্রকোনায় হামলায় যুবলীগ নেতা নিহত
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নেত্রকোনার পূর্বধলা উপজেলার হুগলা এলাকায় প্রতিপক্ষের হামলায় যুবলীগের এক নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
নিহত ব্যক্তির নাম হাবিবুর রহমান ওরফে তুলা (৩০)। তিনি হুগলা ইউনিয়নের জামিরাকান্দা-বরাকান্দা গ্রামের মুখলেছুর রহমান ফকিরের ছেলে। হুগলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে হাবিবুর রহমান হুগলা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। হুগলা-বৌলা সড়কের পশ্চিম দিকের চৌরাস্তা এলাকায় এলে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা তাঁকে উপর্যুপরি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা অভিযোগ করেন, হাবিবুর রহমানের সঙ্গে একই গ্রামের সুরুজ আলী মীরের ছেলে বুলবুল মীরের (৩১) দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, হাবিবুর রহমান ও বুলবুলের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বেশ কয়েক বছর ধরে বিরোধ চলছিল। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের মোসলেম উদ্দিন, আবুল কাশেম ও বাদশা মিয়া নামের তিনজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় এখনো মামলা হয়নি।