নেত্রকোনায় হাসপাতালে চিকিৎসককে মারধর
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে তত্ত্বাবধায়কের কক্ষে হামলার দুই সপ্তাহের ব্যবধানে গত বুধবার রাতে হামলা চালিয়ে জরুরি বিভাগে এক চিকিৎসককে মারধর করেছেন এক যুবক। এ ঘটনার প্রতিবাদে ওই হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মচারীরা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ঘণ্টা খানেক কর্মবিরতি পালন করেন। এ ছাড়া তাঁরা কাল শনিবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন বলে ঘোষণা দেন।
চিকিৎসকদের ধারণা, ওই যুবক নেশাগ্রস্ত ছিলেন।
ওই হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আবু সাদাত জরুরি বিভাগে বসে গত বুধবার রাত পৌনে ১০টার দিকে রোগী দেখছিলেন। এ সময় এক যুবক (২৫) হাতে আঘাত নিয়ে জরুরি বিভাগে গিয়ে তাঁকে চিকিৎসা দেওয়ার কথা বলেন। চিকিৎসক আবু সাদাত ওই যুবককে বলেন, আগের রোগীকে দেখে এরপর তাঁকে দেখবেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক চিকিৎসকের ওপর চড়াও হয়ে একপর্যায়ে তাঁকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এ সময় হাসপাতালে কর্মরত কর্মচারীরা এসে যুবককে থামান। পরে ওই যুবক দৌড়ে পালিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মচারী বলেন, ওই যুবকের নাম রাকিব। তিনি শহরের নাগড়া এলাকার বাসিন্দা।
আবু সাদাত বলেন, ‘চিকিৎসা নিতে আসা হামলাকারী যুবক মনে হচ্ছে নেশাগ্রস্ত ছিলেন। হাসপাতালে আসার পর ১৫ থেকে ২০ সেকেন্ড সময় না দিয়ে, ওই যুবক আমার কথা না শুনে আমাকে মারতে শুরু করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এমন হলে আমরা দায়িত্ব পালন করব কী করে?’
নেত্রকোনার সিভিল সার্জন এম এ গণি প্রথম আলোকে বলেন, ‘শুনেছি, ওই যুবক নেশাগ্রস্ত ছিলেন। এখনো তাঁর সঠিক পরিচয় জানতে পারিনি। ঘটনার পর থেকে অন্য চিকিৎসকদের পাশাপাশি জরুরি বিভাগের চিকিৎসকেরাও দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করছেন। তাঁরা মামলা করার তাগিদ দিচ্ছেন। রোববারের মধ্যে এ ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, খবর পেয়ে ওই দিন রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো থানায় অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ১৪ ডিসেম্বর সকালে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা চিকিৎসকদের সঙ্গে তাঁদের সাক্ষাতের সময় নিয়ে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই প্রতিনিধিরা হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এতে ঘণ্টা খানেক চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকে। ওই ঘটনায় হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ওই দিনই ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৩৫ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে ১৫ ডিসেম্বর প্রথম আলোতে ‘তত্ত্বাবধায়কের কক্ষে হামলা, গ্রেপ্তার ১০’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।