নেত্রকোনায় 'বন্দুকযুদ্ধে' একজন নিহত
নেত্রকোনার মোহনগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে লুৎফর রহমান ওরফে রিপুল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে এ ঘটনা ঘটেছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারী জিন্নাৎ আলীর দাবি, নিহত লুৎফরের বাড়ি উপজেলার চানপুর গ্রামে। তিনি ডাকাত ছিলেন। তাঁর বিরুদ্ধে নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন থানায় খুন, ডাকাতি, চুরি, পুলিশের ওপর হামলা, চাঁদাবাজিসহ ১৯টি মামলা আছে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান মিয়া প্রথম আলোকে বলেন, গতকাল বিকেল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জের গাগলাজুর বাজারের পাশ থেকে লুৎফরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে তাঁকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারে যায়। রাত দেড়টার দিকে মোহনগঞ্জের নয়াপাড়া এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা লুৎফরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি থামলে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে। পরে তাঁকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লুৎফরের লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।