ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্ব
নেপথ্যে আধিপত্য বিস্তার, টোলের টাকা ভাগাভাগি
ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতি এবং ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের মধ্যে চলমান দ্বন্দ্বের নেপথ্যে রয়েছে আধিপত্য বিস্তার ও যানবাহন থেকে তোলা টোলের টাকা ভাগাভাগির জের। সংগঠন দুটির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
টোল আদায় নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত বুধবার টোল আদায় ঘর ভাঙচুরের পর গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ঠাকুরগাঁওয়ের সব সড়কপথে তাদের আওতাভুক্ত যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় জেলা মোটর মালিক সমিতি।
মোটর মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর ধরে ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনাল ইজারা নিয়ে যানবাহন থেকে পার্কিং টোল আদায় করছিল জেলা মোটর মালিক সমিতি। এই টোলের টাকার একটা অংশ মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নকে ভাগ দিয়ে নিজেদের তহবিলে জমা রাখত মোটর মালিক সমিতি। টোলের টাকা ভাগাভাগি নিয়ে মোটর মালিক সমিতির সঙ্গে একসময় জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সঙ্গে বিরোধ দেখা দেয়। এ ঘটনার জের ধরে মোটর মালিক সমিতি গত ১ জানুয়ারি থেকে টোল আদায় বন্ধ করে। পরে শ্রমিক ইউনিয়ন মোটর মালিক সমিতিকে কোণঠাসা করার পথ খুঁজতে থাকে।
জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ভুট্টোসহ আরও কয়েকজন সদস্য সম্প্রতি আওয়ামী লীগে যোগ দেন। আওয়ামী লীগে যোগদানের পর গত ১২ জানুয়ারি শ্রমিক ইউনিয়ন সংগঠনের নিজস্ব জায়গা কেনা ও কল্যাণ তহবিল গঠনে ট্রাক, ট্রাক্টরের কাছ থেকে চাঁদা আদায়ে অনুমতির জন্য বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কাছে আবেদন করে রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অনুলিপি দেয়।
১৬ জানুয়ারি ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতি গঠন করা হয়। পরে ২৩ জানুয়ারি শ্রমিক ইউনিয়ন ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের জগন্নাথপুর এলাকায় চৌকি বসিয়ে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান থেকে চাঁদা আদায় শুরু করে। এদিকে গত মঙ্গলবার মোটর মালিক সমিতি আবারও ট্রাক থেকে ট্রামিনাল পার্কিং টোল আদায় শুরু করলে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের লোকজনের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে গত বুধবার সন্ধ্যায় তারা এক হয়ে মোটর মালিক সমিতির টোল আদায় ঘর ভেঙে আগুন ধরিয়ে দেয়। এর প্রতিবাদে মোটর মালিকেরা জরুরি সভা ডেকে অনির্দিষ্টকালের জন্য সমিতির আওতাভুক্ত বাস-ট্রাক চলাচল বন্ধ করে দেন। এ ঘোষণার পর শহরের বাস ট্রার্মিনাল, পুরোনো বাসস্ট্যান্ড, আর্ট গ্যালারি বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, সেখানের সব বাস কাউন্টার বন্ধ রয়েছে। সেখান থেকে কোনো বাস চলাচল করছে না।
জেলা মোটর মালিক সমিতির সম্পাদক বেলাল হোসেন বলেন, সরকারি নিয়ম অনুযায়ীই যানবাহন থেকে টোল আদায় করা হচ্ছিল। কিন্তু ট্রাকশ্রমিকেরা গত বুধবার হামলা চালিয়ে টোল আদায় ঘর ভাঙচুর করেন। এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সমিতির আওতাভুক্ত সব যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জয়নুদ্দীন বলেন, ‘দ্বন্দ্বের পেছনে আধিপত্য বিস্তার ও টোলের টাকা ভাগাভাগি রয়েছে এটা ঠিক নয়। মালিক সমিতি টোলের নামে ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছিল। আমরা ট্রাকশ্রমিকেরা চাঁদা আদায়ের প্রতিবাদ করেছি।’
সমস্যা নিরসনে গতকাল বিকেলে উভয় পক্ষের সঙ্গে আলোচনায় বসেন জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল। কিন্তু কোনো পক্ষই ছাড় দিতে রাজি না হওয়ায় মীমাংসা ছাড়া আলোচনা শেষ হয়।