ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ
নেপথ্যে নিয়োগ ও আধিপত্য নিয়ে উপাচার্য ও সহ-উপাচার্যের দ্বন্দ্ব
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষে একের পর এক সংঘর্ষের নেপথ্যে আছে নিয়োগ ও আধিপত্য নিয়ে উপাচার্য ও সহ-উপাচার্যের দ্বন্দ্ব। ছাত্রলীগের পক্ষ দুটি উপাচার্য ও সহ-উপাচার্যপন্থী বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি।
সর্বশেষ গত শনিবার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের সঙ্গে সহসভাপতি পক্ষের সংঘর্ষের পর কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে বাধ্য হয়। এর দুই দিন আগে শিক্ষক নিয়োগ বোর্ডকে কেন্দ্র করেও সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের পক্ষ দুটি। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপাচার্যপন্থী এবং অপর পক্ষটি সহ-উপাচার্যপন্থী হিসেবে পরিচিত।
তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্য দুজনই নিজেদের মধ্যকার দ্বন্দ্বের কথা যেমন অস্বীকার করেছেন, তেমনি অস্বীকার করেছেন ছাত্রলীগের কোনো অংশকে সমর্থন দেওয়ার অভিযোগও।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবদুল হাকিম সরকার ২০১২ সালের ৩১ ডিসেম্বর এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। এরপর থেকেই সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমানের সঙ্গে তাঁর দ্বন্দ্বের শুরু। এরই বহিঃপ্রকাশ দেখা গেছে সম্প্রতি আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন শাপলা ফোরামের বিভক্তির মাধ্যমে। এ ছাড়া এবারের শিক্ষক সমিতির নির্বাচনে সহ-উপাচার্যপন্থী শাপলা ফোরামের একাংশের প্যানেল এবং উপাচার্যপন্থী শাপলা ফোরামের অপর অংশ ও বঙ্গবন্ধু পরিষদের পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আওয়ামীপন্থী শিক্ষকদের ভরাডুবিতে এই দ্বন্দ্বের বহিঃপ্রকাশ আরও প্রকটভাবে প্রকাশ পায়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস ও প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য ৪০ কোটি টাকার কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। গত ২৬ নভেম্বর এই দরপত্র খোলা হলেও এখন পর্যন্ত এ কাজ বিতরণ করা হয়নি। সম্প্রতি এই কাজের বণ্টন নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৩ ডিসেম্বর থেকে কয়েকটি বিভাগের শিক্ষক নিয়োগের জন্য নিয়োগ বোর্ড শুরু করে। এর মধ্যে ১৭ ডিসেম্বর পরিসংখ্যান বিভাগে শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেদিন দুই দফায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যপন্থী শিক্ষক ও পরিসংখ্যান বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক কামাল উদ্দিন কয়েকজন শিক্ষক নিয়ে এবং পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান অনুসারীদের নিয়ে নিয়োগ বন্ধে উপাচার্যের কার্যালয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় তাঁরা উপাচার্যের কার্যালয়ের বাইরে হট্টগোল শুরু করেন। দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীরা ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। ছাত্রলীগের এই অংশটি উপাচার্যের অনুসারী হিসেবে পরিচিত। ওই দিনের সংঘর্ষের ঘটনার পর শনিবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সংঘর্ষ এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন ছিল। দুপুর ১২টার দিকে র্যাবের সদস্যরা চলে যাওয়ার কিছুক্ষণ পর সংঘর্ষ শুরু হয়।
এ সংঘর্ষের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ছাত্রলীগের এই বিভক্তি এবং বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যের মধ্যকার দ্বন্দ্বের কারণে হয়েছে বলেও তাঁরা অভিযোগ করেন।
আওয়ামীপন্থী কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যের কোন্দলের কারণেই ছাত্রলীগে আজ বিভক্তি হয়েছে। উপাচার্য নিজের অবস্থান টিকিয়ে রাখতে আর সহ-উপাচার্য আছেন উপাচার্য হওয়ার চেষ্টায়। আর এ কারণেই বিশ্ববিদ্যালয়ে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আক্তারুল ইসলাম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের একপক্ষীয় আচরণ এবং সমন্বয়হীনতার কারণেই এ ঘটনাগুলো ঘটছে।’
তবে উপাচার্য আবদুল হাকিম সরকার গতকাল প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের সবার সঙ্গে আমার সম্পর্ক ভালো। কোনো পক্ষকে আমি নিয়ন্ত্রণ করি না।’ সহ-উপাচার্যের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘আমি প্রশাসনে থেকে এ বিষয়ে কিছু বলতে পারি না।’
সহ-উপাচার্য শাহিনুর রহমানও তাঁর সঙ্গে ছাত্রলীগের কোনো অংশের সম্পর্কের কথা অস্বীকার করে বলেন, ‘কোনো গ্রুপিংয়ে আমি জড়িত নই। আমার সঙ্গে উপাচার্যের দ্বন্দ্ব একটা গুজব মাত্র।’