নেপথ্যে মেয়র, কারণ জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কান্দাপাড়া যৌনপল্লিটি উচ্ছেদের নেপথ্যে মূল শক্তি পৌর মেয়র সহিদুর রহমান খান ওরফে মুক্তি। মূল কারণ, তিন একর জমি। যৌনকর্মীরাসহ প্রশাসনের কেউ কেউ এ কথা বলছেন।
এদিকে উচ্ছেদের দুই সপ্তাহ পরও যৌনকর্মীরা তাড়া খেয়ে প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। একটা বড় অংশ আশ্রয়ের অভাবে ও জীবিকার তাগিদে রাস্তায় নেমেছে। যৌনপল্লিতে চালু থাকা এইচআইভি/ এইডস নিয়ন্ত্রণ কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
টাঙ্গাইলে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা, যৌনপল্লির বাড়িওয়ালা, ভাড়াটে, যৌনকর্মী, আশপাশের দোকানদারেরা এই উচ্ছেদে সহিদুর রহমানের সম্পৃক্ততার অভিযোগ করেছেন। প্রত্যক্ষদর্শী ও ঘটনার শিকার অন্তত ১০ জন নারী বলেছেন, যৌনপল্লির ফটক বন্ধ করে পেট্রল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দিয়েছেন পৌর মেয়রের ঘনিষ্ঠ সহযোগী ও যুবলীগের যুগ্ম সম্পাদক ছানোয়ার হোসেন এবং স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন নুরু। ইসলাম। উচ্ছেদে সহযোগিতা করেছেন মেয়রের ভাই জাহিদুর রহমান খান কাঁকন।
তবে মেয়র জমির লোভে যৌনপল্লি উচ্ছেদের অভিযোগ অস্বীকার করেছেন। প্রথম আলোকে তিনি বলেছেন, ‘উচ্ছেদ কথাটার সঙ্গে আমি দ্বিমত করি। যৌনকর্মীরা স্বেচ্ছায় পেশা পরিবর্তন করে চলে গেছে। এখন পর্যন্ত কোনো কমপ্লেইন (অভিযোগ) নেই। কেউ পেশা পরিবর্তন করতে চাইলে তো তাকে আর আমি জোর করতে পারি না।’ পৌর মেয়র আরও বলেন, কান্দাপাড়ায় তাঁর বাসভবন যৌনপল্লির লাগোয়া হলেও তিনি কখনো যৌনকর্মীদের শত্রু মনে করেননি। তাদের ভূমি দখলের প্রশ্নই আসে না। যৌনকর্মীরা হঠাৎ করেই চলে গেছে।
তবে ১১ জুলাই টাঙ্গাইল কবরস্থান জামে মসজিদে জুমার নামাজ শেষে যৌনপল্লি উচ্ছেদবিষয়ক সভায় বক্তব্য দেন মেয়র। সেখানে একজন সাংবাদিক পুনর্বাসন না করে উচ্ছেদ কতটা যুক্তিযুক্ত, এ প্রশ্ন তুললে মেয়রের সাঙ্গপাঙ্গরা তাঁকে থামিয়ে দেয়।
২৩ জুলাই সকাল সাড়ে আটটার দিকে মেয়রের ঘনিষ্ঠ এক ব্যক্তির সঙ্গে কথা হয়। যৌনপল্লির ভেতর তাঁর ৫৩টি ঘর রয়েছে। নিজেকে মেয়রের ‘চার ভাইয়ের আরেক ভাই’ পরিচয়দাতা ব্যক্তিটি পল্লির ভেতর মাদক ব্যবসা করতেন বলে অভিযোগ আছে। ঘণ্টা খানেক কথা বলার পর তিনি বলেন, ‘ভাই আমাদের বলছিল, ক্যামনে কী করবি দ্যাখ। এত তাড়াতাড়ি যে উচ্ছেদ হইব, বুঝতে পারি নাই। তবে ভাই জমি দখল করব না। এগুলো মিছা কথা।’
ঘটনার নেপথ্যে: কান্দাপাড়ায় যৌনপল্লির ভেতর ১৭টি ঘর ও একটি দোকানের মালিক একজন বাড়িওয়ালা বলেন, ‘কেন উচ্ছেদ হয়েছে, সে কথা একটা শিশুও বুঝতে পারতেছে। আসল হইল জমি।’ তিনি জানান, ১২ জুলাই বিকেলে ভাড়াটেদের (যৌনকর্মী ও সর্দারনি) বের করে দেওয়ার পর রাতেই এলাকার নৈশপ্রহরী ফজলু তাঁকে ফোন করেন। তিনি সকাল সাতটার মধ্যে ছুতোর মিস্ত্রি ডেকে বাড়ি ভাঙার কথা বলেন। নইলে ‘কাঁকন ভাই’ (মেয়রের ভাই) ৪০-৫০ জন মিস্ত্রি ডেকে বাড়ি ভাঙার কাজ শুরু করবেন। ওই বাড়িওয়ালির প্রশ্ন, যৌনকর্মীদের বের করে দেওয়ার পরও কেন তাঁকে বাড়ি ভাঙতে বাধ্য করা হলো?
খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে ২০০৬ সালেও যৌনপল্লিটি উচ্ছেদের বড় চেষ্টা হয়েছিল। এখানে জমির পরিমাণ ৩০২ শতাংশ। এর বাইরে রয়েছে গোরস্থানের বেশ খানিকটা জায়গা। প্রশাসনের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, যৌনপল্লির ভেতর বেশির ভাগ মালিকেরই জমির পরিমাণ খুব কম। তাঁরা বাধ্য হবেন প্রভাবশালীদের কাছে জমি বিক্রি করতে। হয়তো এখানে একটা বিশাল মার্কেট উঠতে দেখা যাবে।
মেয়র কাগজপত্র দেখে জমি বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কেউ কেউ শঙ্কায় আছেন। বিশেষ করে যাঁরা মেয়রের ঘনিষ্ঠ নন, তাঁরা আদৌ জমি ফিরে পাবেন কি না, পেলেও যথেষ্ট দাম পাবেন কি না, তা নিয়ে চিন্তায় আছেন।
৬ জুলাই টাঙ্গাইল অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির ব্যানারে হেফাজতে ইসলামের জেলা সভাপতি আবদুল আজীজ ও তাঁর অনুসারীরা পৌর মেয়র ও পুলিশকে যৌনপল্লি উচ্ছেদের জন্য স্মারকলিপি দেন। এ নিয়ে কয়েকটি বৈঠকও হয়। যৌনকর্মীরা জানান, ১১ জুলাই শুক্রবার রাতে প্রথম তাঁরা উচ্ছেদের বিষয়টি আঁচ করতে পারেন। ওই রাতে এলাকার কিছু মাস্তান পল্লির ভেতরে ঢুকে লিফলেট ছড়ায়, যৌনকর্মীদের মারপিট ও ধর্ষণ করে। শনিবার দুপুরের পর নুরু ও সানোয়ার যৌনপল্লিতে গিয়ে হুমকি দেয়, দুই ঘণ্টার মধ্যে বেরিয়ে না গেলে পল্লির সবগুলো ফটক বন্ধ করে আগুন ধরিয়ে দেওয়া হবে। পল্লিটিতে অবস্থানরত হাজার খানেক মানুষ এতে ভয় পেয়ে বেরিয়ে যান।
কথা বলে জানা গেছে, উচ্ছেদে মেয়রের সাঙ্গপাঙ্গদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হেফাজতে ইসলামের সভাপতি আবদুল আজীজ। তিনি এ ক্ষেত্রে সরকারি সহযোগিতা পেয়েছেন বলে দাবি করেন।
টাঙ্গাইল অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সহসভাপতি মো. বাদশাহ মিয়ার দাবি, যৌনপল্লি উচ্ছেদে তাঁদের বা মেয়রের কোনো লোকজনের হাত ছিল না। যাঁরা যৌনপল্লির ভেতরে ঘর ভাড়া দিয়েছেন, তাঁদের ও তাঁদের পরিবারের কাউকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে না বলে তাঁরা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন। এতেই ভয় পেয়ে বাড়িওয়ালারা ব্যবসা গুটিয়ে নিতে শুরু করেন।
যৌনপল্লি উচ্ছেদে প্রশাসনের হাত থাকার অভিযোগ জেলা প্রশাসক মাহবুব হোসেন ও পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভির নাকচ করে দিয়েছেন। জেলা প্রশাসক বলেন, উচ্ছেদের ব্যাপারে আগে থেকে তিনি কিছুই জানতে পারেননি। আর পুলিশ সুপার বলেন, ঘটনা ঘটার পরপরই তিনি ফোর্স পাঠান ও সুরক্ষার আশ্বাস দেন। কিন্তু যৌনকর্মীরা কোনো কথা না বলে চলে যান।
ফেরার নারীরা: ২২ জুলাই রাতে টাঙ্গাইল শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে গিয়ে এক বাড়িওয়ালির সঙ্গে কথা হয়। সাবেক এই যৌনকর্মীর ওই এলাকায়ই দুটি বাড়ি। একটি বাড়ির সামনে সারি সারি চৌকি ফেলা। তিনি লোক মারফত অন্য একটি বাড়িতে ডেকে পাঠান। ওই দিনের ঘটনা বর্ণনা করতে করতে হঠাৎ উধাও হয়ে যান। বাড়িওয়ালির ৭০ বছর বয়স্ক মা বলেন, ‘তোমরা তো যাইবা গা, আমরারে তো মাইরা লাইব।’ স্থানীয় বাজারের একজন চায়ের দোকানি বলেন, বাইরে থেকে যেন কোনো যৌনকর্মী ওই এলাকায় ঢুকতে না পারেন, সে জন্য পাহারা বসানো হয়েছে। একজন যৌনকর্মী জানান, কান্দাপাড়া থেকে উচ্ছেদ হয়েছেন এ কথা শুনে ২২ জুলাই রাতে আট-দশজন তাঁকে ধর্ষণ করে এবং গলায় ছুরি ধরে জমানো টাকা কেড়ে নেয়।
দেশের যৌনপল্লিগুলোতে ২০০৪ সাল থেকে স্বাস্থ্যসেবা, বিশেষ করে এইচআইভি/এইডস রোগে সেবা দিচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)। প্রতিষ্ঠানের পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, পল্লির যৌনকর্মীদের চেয়ে রাস্তার যৌনকর্মীদের মধ্যে এসটিডি ও এইচআইভি/এইডসের প্রকোপ দ্বিগুণ বেশি। টাঙ্গাইল যৌনপল্লি উচ্ছেদের ফলে যৌনকর্মীদের এইচআইভি/এইডসের ঝুঁকি বাড়বে।
টাঙ্গাইলের যৌনপল্লিটি শত বছরেরও বেশি পুরোনো। ৯০০ থেকে সাড়ে ৯শ জন যৌনকর্মী, ১২৯টি শিশুসহ হাজার খানেকেরও বেশি বাসিন্দা ছিলেন। সবাই এখন রাস্তায়। জীবনের দামে এঁরা জীবিকা কিনতেন। বেশির ভাগই হতদরিদ্র। আচমকা উচ্ছেদে দিশেহারা। কোথায় কার কাছে যাবেন, কী খাবেন জানেন না। টাঙ্গাইল থেকে ফেরার পথে এক এনজিওতে আশ্রয় নিতে আসা যৌনকর্মী বলেন, ‘হয় আপনেরা আমাকে থানীয় (স্থানীয়ভাবে) একটা ব্যবস্থা করে দিয়ে যান। কিছু একটা কাজ কইরে খাই। নইলে এক শিশি বিষ দেন, খাইয়ে মইরে থাকপ।’