রাজশাহীর বাগমারা উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গত বুধবার চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কার্যালয়ের কম্পিউটার নিয়ে গেছে। বিতর্কিত ১২ জন দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগের যাবতীয় তথ্য ওই কম্পিউটারে সংরক্ষিত ছিল।
১২ দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগের তথ্য গায়েব করার জন্যই কম্পিউটার চুরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন রাতে উপজেলা পরিষদে অবস্থিত উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের জানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে ঢোকে। তারা দপ্তরে থাকা কম্পিউটার নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে এসে চুরির বিষয়টি টের পান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটি জানানো হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জব্বার জানান, কম্পিউটারে ১২ দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগের যাবতীয় তথ্যসহ কার্যালয়ের সব তথ্য ছিল। ওই অবৈধ নিয়োগ নিয়ে তদন্ত শুরু হয়েছে। ওই নিয়োগের তথ্য-প্রমাণ নষ্ট করার জন্য দপ্তরের কম্পিউটার চুরি করা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
এ ব্যাপারে থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম গত বৃহস্পতিবার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত করা হবে।
বাগমারার তৎকালীন ইউএনও সাদেকুল ইসলাম ও সহকারী শিক্ষা কর্মকর্তা ওলিউল আলম অনিয়ম করে টাকার বিনিময়ে ১২টি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী পদে নিয়োগ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে গত ২৬ আগস্ট প্রথম আলোয় ‘টাকা নিয়ে ১২ জনকে নিয়োগ দিয়ে চলে গেলেন ইউএনও?’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পর তদন্ত কমিটি গঠন ও নিয়োগ স্থগিতের জন্য সুপারিশ করা হয়।