নেশাগ্রস্ত যুবকের গুলিতে জোড়া খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিউ ইস্কাটনে প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়ার সময় নেশাগ্রস্ত বখতিয়ার আলম রনির সঙ্গে তাঁর আরও তিন বন্ধু ছিলেন। গতকাল বৃহস্পতিবার রিমান্ডের দ্বিতীয় দিনে জিজ্ঞাসাবাদে বখতিয়ার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) এ তথ্য দিয়েছেন।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার জিজ্ঞাসাবাদে বলেন, যানজটে আটকে যাওয়ায় তিনি বিরক্ত হয়েছিলেন। এ কারণে লাইসেন্স করা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি চালান। তিনি তখন নেশাগ্রস্ত ছিলেন। তিনি বলেন, তিনি ও তাঁর গাড়িচালক ছাড়া পেছনের আসনে তিন বন্ধুও ছিলেন। তাঁরা আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ওই তিনজনের নাম-ঠিকানা পাওয়া গেছে। পুলিশ তাঁদের খুঁজছে। গুলি চালাতে তাঁরা বখতিয়ারকে উদ্বুদ্ধ করেছিলেন কি না, তা জানার চেষ্টা করা হবে।
ডিবির কর্মকর্তারা বলেন, জনকণ্ঠ কার্যালয়ের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ইস্কাটনের প্রধান সড়কে চলাচলরত যানবাহনের ফুটেজ আছে। সেখানে কালো রঙের একটি প্রাডো গাড়ি দুই দফায় বেপরোয়াভাবে চলাচল করতে দেখা যায়। ডিবি পুলিশ এই প্রাডোর চালক ও মালিকের অবস্থান শনাক্ত করে ৩১ মে তাঁদের গ্রেপ্তার করে।
ডিবির যুগ্ম কমিশনারের দায়িত্বে আছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি-অপরাধ) যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায়। গতকাল রাতে তিনি প্রথম আলোকে বলেন, বখতিয়ারের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। একই সঙ্গে তদন্তকারী কর্মকর্তা তদন্ত-সংশ্লিষ্ট বস্তুগত ও তথ্যগত প্রমাণাদি সংগ্রহ করছেন। রিমান্ড শেষে বখতিয়ারকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হবে।
গত ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে প্রাডো গাড়ি থেকে গুলি ছোড়া হলে রিকশাচালক হাকিম ও জনকণ্ঠ পত্রিকার অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। এ ঘটনায় পুলিশ বখতিয়ার ও তাঁর গাড়িচালক ইমরান ফকিরকে জড়িত বলে শনাক্ত করে।