নেশাজাতীয় দ্রব্য পানে চারজনের মৃত্যু
নওগাঁর বদলগাছীতে নেশাজাতীয় দ্রব্য পান করে চার ব্যক্তির মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও পাঁচজন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত শুক্রবার তিনজন ও গতকাল শনিবার একজনের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার নুরপুর গ্রামের হোসেন আলী (৩২) ও একই গ্রামের আবদুল মজিদ (৩০), বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের সোলায়মান (৫৫) ও একই গ্রামের মোকসেদের ছেলে সুজন (৩২)।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ১০ থেকে ১২ ব্যক্তি মিলে ভোজের আয়োজন করেন। পরে তাঁরা নেশাজাতীয় দ্রব্য পান করেন। এরপর সবাই পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার সকাল থেকে তাঁদের নওগাঁ সদর হাসপাতালে নেওয়া শুরু হয়। হাসপাতালে নেওয়ার আগেই ১০টার দিকে মারা যান হোসেন আলী। একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে মারা যান সোলায়মান। নওগাঁ থেকে শুক্রবার রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আবদুল মজিদ নামে একজন। আর গতকাল শনিবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সুজন। এ ঘটনায় বদলগাছী থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
গতকাল সকালে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন সজল বলেন, এনায়েতপুর গ্রামে বৃহস্পতিবার রাতে একটি অনুষ্ঠানে ১০ থেকে ১২ জন মিলে কোমল পানীয়র সঙ্গে নেশাজাতীয় দ্রব্য পান করেন। এরপরই সবাই অসুস্থ হয়ে পড়েন।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজার রহমান বলেন, রোগীদের বিবরণ অনুযায়ী তাঁরা নেশাজাতীয় দ্রব্য পান করার পর অসুস্থ হয়ে পড়েন। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।