নেশার টাকা চাওয়ায় ছেলেকে হত্যা
টাঙ্গাইল সদর উপজেলায় নেশার জন্য টাকা চাওয়ায় গত মঙ্গলবার রাতে ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন মা। গতকাল বুধবার পুলিশ ওই মাকে গ্রেপ্তার করেছে। এর আগে ওই ছেলেকে মাদকাসক্তির অভিযোগে পুলিশে দিয়েছিল পরিবার।
নিহত ছেলের নাম হজরত আলী (২৪)। তিনি বিন্যাফৈর অটোরিকশাচালক আমজাদ আলীর ছেলে। তাঁর মা হামেলা বেগম (৪৮)।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মে নাজমুল হক ভূঁইয়া বলেন, হজরত আলী নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের লোকদের ওপর অত্যাচার করতেন। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই তিনি টাকার জন্য হামেলা বেগমকে চাপ দিতে থাকেন। ঘুমানোর পর আবার গভীর রাতে উঠে তিনি হামেলার কাছে টাকা দাবি করেন। তা না পাওয়ায় একপর্যায়ে মায়ের সঙ্গে অশোভন আচরণ করেন। এ সময় হামেলা বেগম ঘরে থাকা কুড়াল দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করেন। হত্যার পর হামেলা বাক্রুদ্ধ হয়ে লাশের পাশেই বসে ছিলেন। সকাল নয়টার দিকে বাড়ির মানুষ ঘরে ঢুকে খুনের বিষয়টি জানতে পারে। বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় হামেলা বেগম পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং ঘটনা খুলে বলেন। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হজরতের বড় ভাই আবদুল হামিদ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
আবদুল হামিদ বলেন, নেশার টাকার জন্য অত্যাচারে অতিষ্ঠ হয়ে এর আগে দুই দফা হজরতকে পরিবার থেকে কারাগারে দেওয়া হয়।