চার কিশোর। সবার বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে। প্রত্যেকে গাঁজার নেশায় আসক্ত। নেশার টাকা জোগাড় করতেই তারা ছিনতাই ও চুরি করে। চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকায় আরিফ হোসেন নামের একজন নির্মাণশ্রমিক খুন হওয়ার পর গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে এই কিশোরদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর আরিফ হোসেনকেও নেশার টাকার জন্য খুন করার কথা স্বীকার করে তারা।
গত রোববার রাত ১০টার দিকে নগরের ডবলমুরিং থানার পাহাড়তলী এলাকায় রেললাইন দিয়ে হেঁটে আকবর শাহ থানার বাবুল কলোনির বাসায় ফিরছিলেন আরিফ ও তাঁর সহকর্মী শহীদুল ইসলাম। এ সময় ছিনতাইকারীরা শহীদের কাছ থেকে ৬০০ টাকা ছিনিয়ে নেয়। আরিফের মুঠোফোন কেড়ে নিতে চাইলে তিনি বাধা দেন। তখন ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় আরিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত আরিফের সহকর্মী শহীদুল ইসলাম বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা করেন।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বুধবার রাত থেকে পরদিন সকাল পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরিফ হত্যায় জড়িত তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়। পলাতক রয়েছে ১২ বছর বয়সী আরও এক কিশোর। তারা সবাই পাহাড়তলী রেলস্টেশনের অদূরে রেললাইনের পাশে বিভিন্ন বস্তিতে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন কিশোর মাদকের টাকা জোগাড়ের জন্য আরিফকে হত্যার কথা স্বীকার করেছে। তিন কিশোরকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ শুক্রবার তাদের আদালতে পাঠানো হবে।