নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নেশার টাকা না দেওয়ায় মা ফিরোজা বেগমকে (৬০) কুপিয়ে জখম করেছেন ছেলে আনোয়ার হোসেন (৩৩)। গতকাল শনিবার বেলা দুইটার দিকে উপজেলার কাঁচদহ পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় ফিরোজা বেগমকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রতিবেশীরা আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনোয়ারের ছোট বোন সুফিয়া খাতুন প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে নেশার জন্য আনোয়ার মায়ের কাছে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় আনোয়ার বাড়ির চুলা ও বিভিন্ন ধরনের আসবাব ভাঙতে থাকেন। এ সময় তাঁর মা ফিরোজা বেগম বাধা দিতে গেলে আনোয়ার মায়ের মাথার চুল ধরে ইটের সঙ্গে ঠোকাতে থাকেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে ফিরোজা বেগম চেতনা হারিয়ে ফেলেন। এ সময় প্রতিবেশীরা এসে আনোয়ারকে আটক করে পুলিশে খবর দেন এবং ফিরোজা বেগমকে এই হাসপাতালে আনেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহসান আলী জানান, ফিরোজা বেগমের ধারালো অস্ত্রের আঘাতে ডান কানের ওপরে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। সেখানে ১২টি সেলাই দেওয়া হয়েছে।
আনোয়ার হোসেনের মামা ইসমাইল হোসেন জানান, প্রায় ১৫ বছর ধরে আনোয়ার বিভিন্ন ধরনের নেশায় আসক্ত।
থানা হেফাজতে থাকা আনোয়ার হোসেন দাবি করেন, তিনি নেশার টাকার জন্য তাঁর মাকে মারধর করেননি। জমিজমার ন্যায্য ভাগ না দেওয়ায় তিনি রাগের বশে তাঁর মাকে মারধর করেছেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, আটক আনোয়ারের বিরুদ্ধে পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।