নেশার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় মাদক সেবনের টাকা না পেয়ে ইব্রাহিম রাঢ়ি (১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানা গেছে। উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামের একটি কাঁঠালগাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ইব্রাহিমের বাবা নিজাম রাঢ়ি ঢাকার মণিপুর উচ্চবিদ্যালয়ের ভ্যানচালক।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, নিজাম রাঢ়ির দুই সন্তানের মধ্যে ইব্রাহিম বড়। দুই বছর আগে সে চট্টগ্রামে চার মাস অবস্থান করছিল। এর আগে বছর খানেক বাবার সঙ্গে ঢাকার মিরপুরে ছিল। সে সময় ইব্রাহিম মাদকাসক্ত হয়ে পড়ে। একপর্যায়ে বাবাকে ছেড়ে চট্টগ্রাম শহরে একা থাকতে শুরু করে। এ সময় বাবার কাছ থেকে নিয়মিত টাকা নিত সে। মাঝেমধ্যে বাবা চট্টগ্রামে গিয়েও ছেলেকে খরচ দিতেন। এরই মধ্যে মাদক সেবন করে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। ১৫ দিন আগে মা নূরজাহান বেগম ও বাবা চট্টগ্রাম গিয়ে ছেলেকে বাড়িতে নিয়ে আসেন।
নূরজাহান বেগম বলেন, ‘মঙ্গলবার রাতে ছেলে আমার কাছে রাতে ২০ টাকা চেয়েছিল। টাকা না দেওয়ায় খাবার না খেয়ে ঘর থেকে চলে যায়। ও (ইব্রাহিম) রাতে বাড়ির সামনের ধানখেতে কুঁড়েঘরে ঘুমাত। পরে ওই কুঁড়েঘরসহ বাড়ির আশপাশ ওকে পাওয়া যায়নি। পরে ফজরের সময় ওজু করতে এসে ওর দাদি পুকুরের পাশে কাঁঠালগাছে ইব্রাহিমকে ঝুলতে দেখেন।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহ নেওয়াজ বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।