নেশার টাকা না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা
টঙ্গিবাড়ী উপজেলার বানারী গুচ্ছগ্রামে গত শনিবার বিকেলে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। আগুন থেকে ওই নারী নিজেকে কোনোমতে রক্ষা করলেও পুড়ে গেছে পাঁচটি ঘর। আহত সালমা বেগমকে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে ভূমিহীনদের জন্য সরকার বানারী গ্রামে ২৬৬টি ঘর নির্মাণ করে। ওই আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর বরাদ্দ পান ভূমিহীন সুরুজ মিয়া। তিনি মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। শনিবার বিকেল চারটার দিকে নেশার টাকা না পেয়ে সালমাকে ঘরের মধ্যে আটকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তখন সালমা কোনোভাবে দরজা ভেঙে দৌড়ে বাইরে এসে আগুন নিভিয়ে ফেলেন। তবে তাঁর শাড়ি ও এক পা পুড়ে যায়।
সুরুজ মিয়ার দেওয়া আগুনে তাঁর ঘর পুড়ে যায়। সেই আগুন পাশের মো. আলী, পিয়ার হোসেন, ফেদু হাওলাদার ও মিলন হাওলাদারের ঘরেও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সব কটি ঘর পুড়ে যায়।