নেশার টাকা না পেয়ে কূপে ফেলে ভাইকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ১০ মাসের এক শিশুকে ঘর থেকে তুলে নিয়ে কূপে ফেলে হত্যা করা হয়েছে। শিশুটির বড় ভাই মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের হাতিমারা এলাকার এ ঘটনায় পুলিশ শিশুটির বড় ভাই নিজাম উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করেছে।

নিহত শিশু মো. আলিফ (১০ মাস) ওই এলাকার বাবুল মিয়ার ছেলে।

এলাকাবাসী, পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, হাতিমারার আইয়ুব আলীর বাড়িতে বাবুল মিয়া সপরিবারে বসবাস করেন। তিনি স্থানীয় একটি কারখানায় কাজ করেন। বড় ছেলে নিজাম উদ্দিন কারখানার চাকরি ছাড়ার পর মাদকাসক্ত হয়ে পড়েন। গত সোমবার সন্ধ্যায় নিজাম নেশা করার জন্য মায়ের কাছে কিছু টাকা দাবি করেন। কিন্তু মা তা দিতে অস্বীকার করেন। এর কিছু সময় পরে নিজাম ঘরে থাকা তাঁর ছোট ভাই আলিফকে তুলে নিয়ে গিয়ে বাড়ির পাশের একটি কূপে ফেলে দেন। এ সময় মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে কূপ থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন এবং নিজামকে আটক করেন।

খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিজামকে আসামি করে শিশুটির বাবা জয়দেবপুর থানায় মামলা করেছেন। আটক নিজামকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশক্যাম্পের উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, নিজাম উদ্দিন মাদকাসক্ত হওয়ায় তিনি নিজের ভাইকে কূপে ফেলে দিয়ে হত্যা করেছেন। তাঁকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।