নেশার টাকা না পেয়ে স্কুলছাত্রকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় শহরের কায়েতপাড়া এলাকায় গতকাল রোববার নেশার টাকা না পেয়ে মো. খোকন (১৫) নামের এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করেছে এক কিশোর। খোকন স্থানীয় বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, কায়েতপাড়া এলাকার মো. ফরহাদ হোসেন (১৯) একই এলাকার দবিরুল ইসলামের ছেলে খোকনের কাছে নেশার জন্য ৩০০ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু খোকন চাঁদা দিতে অস্বীকার করে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তাকে একা পেয়ে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করেন ফরহাদ। এতে সে গুরুতর আহত হয়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে তাকে ১৩টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা তাসলিমা বলেন, খোকনের গলার আঘাত গুরুতর। তার গলায় সেলাই দেওয়া হয়েছে।
থানার ওসি মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।