নাটোরের লালপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে এক গৃহবধূকে তাঁর স্বামী পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে উপজেলার ধনঞ্জয়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পালানোর সময় এলাকাবাসী নিহতের স্বামী রুহুল আমিন (২৬) ও শ্বশুর-শাশুড়িসহ চারজনকে আটক করেন। তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
লালপুর থানা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ধনঞ্জয়পাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে রুহুল আমিন সোমবার সন্ধ্যায় স্ত্রী চম্পা খাতুনের (২০) কাছে নেশা করার জন্য টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় রুহুল চম্পাকে বেধড়ক লাঠিপেটা করেন। একপর্যায়ে চম্পা অচেতন হয়ে পড়লে তাঁর মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয়।
পরে স্থানীয় একজন চিকিৎসককে ডেকে চম্পাকে চিকিৎসা দেওয়া হয়। একপর্যায়ে তাঁর চেতনা ফেরে। এরপর উন্নত চিকিৎসার জন্য ট্রেনে করে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। রাত ১০টার দিকে লোকমানপুর স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের মধ্যে চম্পা মারা যান।
পরে লাশ বাড়িতে এনে রেখে রুহুল আমিন, তাঁর বাবা গোলাম মোস্তফা, মা লিলু বেগম ও খালা শরিফা বেগম পালানোর চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী তাঁদের আটক করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
লাশের সুরতহাল প্রস্তুত করেন লালপুর থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান। তিনি বলেন, নিহত গৃহবধূর হাতের একটি আঙুল ভাঙা রয়েছে। সেখান থেকে রক্ত ঝরছিল।
নিহত চম্পা একই উপজেলার দিওরপাড়া গ্রামের মৃত ফকির সর্দারের মেয়ে। চম্পার মামাতো ভাই নাসির উদ্দিন বলেন, সাত বছর আগে রুহুলের সঙ্গে তাঁর বোনের বিয়ের সময় ৪০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়েছিল। এই দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে। রুহুল আমিন ট্রেনে ফেরি করে চানাচুর বিক্রি করেন। আয়ের বেশির ভাগ অর্থই তিনি মাদক সেবন করে ফুরিয়ে ফেলেন।
স্ত্রীকে হত্যার অভিযোগ অস্বীকার করে রুহুল আমিন বলেন, ‘আমি আমার বউকে মারিনি। সে রাগ করে কীটনাশক খেয়ে মরি গিছে।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার গতকাল বিকেলে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।