নেশার টাকার জন্য ইজিবাইক চালককে হত্যা করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেশার টাকার জন্য নয়জন মাদকসেবী একত্র হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার চিলারবাগ গ্রামের ইজিবাইকচালক রাসেল মিয়াকে গলা কেটে হত্যা করেন। ওই হত্যা মামলার এক আসামি গতকাল শনিবার আদালতে জবানবন্দিতে এ কথা স্বীকার করেন।
সোনারগাঁ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আজাদ জানান, ১৩ অক্টোবর রাতে সোনারগাঁ পৌরসভার চিলারবাগ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইজিবাইকচালক রাসেল মিয়াকে (১৮) পিরোজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে গলা কেটে হত্যা করে তাঁর ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ১৪ অক্টোবর সকালে রাসেলের লাশ পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় রাসেলের মা শান্তি বেগম বাদী হয়ে রায়হান মিয়ার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ আসামি রায়হানকে গ্রেপ্তার করে। বর্তমানে রায়হান কারাগারে আটক রয়েছেন।
গতকাল ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অজয় কুমার পাল ও এএসআই আজাদের নেতৃত্বে একদল পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার চর গোয়ালদী গ্রামের জজ মিয়ার ছেলে স্বপন মিয়াকে (২০) আটক করে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। নারায়ণগঞ্জ মুখ্য বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে স্বপন মিয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জবানবন্দিতে স্বপন মিয়া বলেন, নেশার টাকা জোগাড় করার জন্য তিনিসহ নয় মাদকসেবী বন্ধু রাসেলের ইজিবাইকটি ছিনতাই করার পরিকল্পনা করেন। রাসেল তাঁদের চিনে ফেলায় তাঁকে গলা কেটে হত্যা করা হয়। পরে তাঁরা ইজিবাইকটি অন্যত্র বিক্রি করে নয় বন্ধুর প্রত্যেকে তিন হাজার টাকা করে ভাগ করে নেন। ওই টাকা দিয়ে রাতভর মাদক সেবন করেন। এর আগেও তাঁরা কয়েকজন সিএনজিচালিত অটোরিকশাচালককে কুপিয়ে আহত করে গাড়ি ছিনতাই করেছেন। সোনারগাঁ উপজেলার মাদকসেবীদের একটি চক্র দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধমূলক কাজে জড়িত বলে জবানবন্দিতে স্বপন মিয়া উল্লেখ করেন।