নেশার টাকার জন্য বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেশা করার টাকা না পেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে এক তরুণকে তার বন্ধুরা হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। গত রোববার ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম সারোয়ার হোসেন শুভ (২০)। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার কালুখালী মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, শুভ ঢাকার একটি কলেজে ভর্তি হওয়ার জন্য ঢাকায় আসেন। গত রোববার তাঁর বন্ধু মামুন মিয়া, ইউনুস হোসেন ও ইব্রাহিম মল্লিক মুঠোফোনে তাঁকে কাঁচপুর উত্তরপাড়া এলাকার একটি বাড়িতে ডেকে নেয়। সেখানে তারা নেশা করার জন্য শুভর কাছে ১০ হাজার টাকা দাবি করে। শুভ এ টাকা দিতে রাজি না হওয়ায় তারা গত সোমবার সকালে শুভকে শ্বাসরোধে হত্যা করে। এরপর দুই পা কুপিয়ে বিচ্ছিন্ন করে লাশ গুম করার জন্য বস্তাবন্দী করতে থাকে। এদিকে ওই বাড়িতে বিভিন্ন আওয়াজ শুনে এলাকাবাসীর সন্দেহ হলে তারা ঘটনাস্থলে গিয়ে ওই তিনজনকে আটক করে। এরপর ওই তিনজনকে পুলিশে সোপর্দ করা হয়। সোমবার রাতেই নিহত শুভর বাবা শাহীন শেখ বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
এসআই নূর হোসেন আরও জানান, আদালত গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। নেশার টাকার জন্যই তারা ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। আর কোনো কারণ আছে কি না, রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যাবে।