নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
নেশার টাকা চেয়ে না পাওয়ায় মাকে কুপিয়ে হত্যা করেছেন এক মাদকাসক্ত ছেলে। কুপিয়ে জখম করেছেন নানাকেও। নাটোর সদর উপজেলার তেলকুপি এলাকায় গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত হওয়া নারীর নাম হাওয়া বেগম (৪৫)। তাঁর ছেলে শিমুল হোসেনকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
সদর থানা সূত্রে জানা যায়, তেলকুপি উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী মমতাজ উদ্দিনের ছেলে শিমুল নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের প্রায়ই অত্যাচার করতেন। বাড়ির জিনিসপত্র চুরি করে বিক্রি করতেন। গতকাল সকালে হাওয়া বেগম বাড়িতে রান্না করছিলেন। এ সময় শিমুল তাঁর কাছে গিয়ে মাদক কেনার টাকা চান। হাওয়া বেগম টাকা দিতে অস্বীকার করলে শিমুল হাঁসুয়া দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় ওই বাড়িতে বেড়াতে আসা শিমুলের নানা শুকুর আলী (৫৮) বাধা দিতে গেলে তাঁকেও কুপিয়ে জখম করেন শিমুল। এতে ঘটনাস্থলেই মারা যান হাওয়া বেগম। আহত শুকুর আলীকে স্থানীয় লোকজন উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই এলাকাবাসী শিমুলকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিমুলকে তাদের হেফাজতে নেয় এবং হাওয়া বেগমের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। বিকেলে ময়নাতদন্ত শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
শিমুলের বাবা মমতাজ উদ্দিন জানান, পাড়ার অন্য ছেলেদের সঙ্গে মিশে শিমুল মাদকাসক্ত হয়ে পড়েন। অনেক চেষ্টা করেও তাঁকে মাদক থেকে ফেরানো যায়নি। মাস ছয়েক আগেও একবার শিমুল জেল খেটেছেন।
নাটোর সদর থানার ওসি মশিউর রহমান জানান, শিমুলের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। ওই মামলায় শিমুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।