নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, বেকারির জরিমানা
ফেনীর সোনাগাজীতে গতকাল মঙ্গলবার নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, বাজারজাতসহ বিভিন্ন অনিয়মের দায়ে একটি বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইউএনওর কার্যালয় সূত্র জানায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে উপজেলা সদরের কাশ্মীর বাজার সড়কের আজিজ বেকারি অ্যান্ড প্রিয়া ফুড প্রোডাক্টসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত ওই বেকারি থেকে বিভিন্ন অস্বাস্থ্যকর উপাদান জব্দ করেন। তা ছাড়া এসএসসি পরীক্ষা চলাকালে ফটোকপি মেশিন খোলা রাখায় উপজেলা সদরের এক দোকানিকে ২০০ টাকা, উপজেলা সদরের জিরো পয়েন্টে যানজট সৃষ্টি করার দায়ে চারটি সিএনজিচালিত অটোরিকশাচালককে ৫০০ টাকা করে, মেয়াদোত্তীর্ণ ও বিনা মূল্যে বিতরণের ওষুধ বিক্রির দায়ে উষা ফার্মেসিকে ২০০ টাকা, পৌর এলাকায় সড়কের ফুটপাত দখলের দায়ে দুই ব্যবসায়ীকে ২০০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।