নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে খাবার তৈরি ও বাজারজাত করার অভিযোগে রাজধানীর মীর হাজিরবাগে গতকাল বেকারি ও মিস্টির ছয়টি প্রতিষ্ঠানকে প্রায় পৌনে নয় লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি মিষ্টি ও মিষ্টিজাত দ্রব্য, কেক, বিস্কুট ও রুটিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ধ্বংস করা হয়।
র্যাব সূত্র জানায়, গতকাল বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মীর হাজিরবাগে অভিযান চালান। এতে র্যাব-৩-এর একটি দল অভিযানে অংশ নেয়। ভ্রাম্যমাণ আদালত মীর হাজিরবাগের বিভিন্ন কারখানায় দেখতে পান নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, বেকারি সামগ্রী তৈরি হচ্ছে। তারা বিএসটিআইয়ের অনুমোদনও নেয়নি। এ অভিযোগে আদালত ফ্রেন্ড বেকারির মালিক কামাল আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। একই এলাকার সানামিয়া মিষ্টান্ন ভান্ডারের দিদারুল ইসলামকে (২২) তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড, চানতারা বেকারির মজিবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা, এশিয়া বেকারির মালিক রশীন ব্যাপারীকে দুই লাখ জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া ওই এলাকার বাংলাদেশ বেকারির ব্যবস্থাপক আল আমিনকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড এবং ওই প্রতিষ্ঠানের প্রধান কারিগর ওসমানকে ১৫ দিনের কারাদণ্ড এবং আদি বনফুলের মালিক সবুজ মিয়াকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেন।