নোংরা পরিবেশে সেমাই তৈরি
অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে নিম্নমানের ভেজাল সেমাই ও মিছরি তৈরির অপরাধে কামরাঙ্গীরচরের মাদবরবাজারে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বিকেলে ঢাকা জেলা প্রশাসন, ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নোংরা পরিবেশে ‘আশার আলো’ নামের সেমাই তৈরির দায়ে মাদবরবাজার এলাকার ভাই ভাই প্রোডাক্টসের মালিক দীন ইসলামকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকার জামান ফুড প্রোডাক্টসের তৈরি মিছরিতে মরা মাছি ও ময়লা দেখা যায়। মাটির মেঝেতে কোনো ধরনের আচ্ছাদন ছাড়া প্রস্তুত করা মিছরি প্যাকেটজাত করা হচ্ছিল প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানটির মালিক আবদুল হক মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।