নোংরা পরিবেশ ও পচা খাবার, পাঁচ হোটেল-রেস্তোরাঁর জরিমানা
নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে পাঁচটি হোটেল অ্যান্ড রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা এবং ওজনে কম দেওয়ায় একটি মাংস বিক্রির দোকানকে এক হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে নগরের খুলশী ও ঝাউতলা এলাকায় এই অভিযান চালানো হয়।
অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাশ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফয়জুল্লাহ উপস্থিত ছিলেন। বিকাশ চন্দ্র দাশ বলেন, সবগুলো রেস্তোরাঁয় খুব খারাপ পরিবেশ ছিল। তাবা রেস্তোরাঁয় পচা-বাসি মাংস এবং খাবারের মধ্যে তেলাপোকাও পাওয়া গেছে। এ ছাড়া তাহেরিয়া হোটেলের ফ্রিজে ছিল পচা মাংস। এসব অপরাধে তাদের জরিমানা করা হয়।
খুলশী এলাকার তাবা রেস্তোরাঁকে ১০ হাজার টাকা, তাহেরিয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা, আলী ইমাম হোটেলকে পাঁচ হাজার টাকা, শাহজালাল সুইটস অ্যান্ড কনফেকশনারিকে পাঁচ হাজার টাকা, ঝাউতলা বাজারের আবু হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওজনে কম দেওয়ায় একই বাজারের মাংসের দোকানের মালিক মো. এরশাদকে এক হাজার টাকা জরিমানা করা হয়।