নোয়াখালী ও ফেনীতে যুবদলের দুই নেতা কর্মীকে পিটিয়ে হত্যা
নোয়াখালী ও ফেনীতে যুবদলের দুই নেতা-কর্মীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ব্যক্তিরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শাকের (২৫)এবং ফেনীরসোনাগাজী উপজেলার চর সাহাভিখারী গ্রামের নূর হোসেন ওরফে সবুজ (২৮)। নূর হোসেন যুবদলের কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গত রোববার রাত ১১টার দিকে শাকের উপজেলা সদরের বসুরহাট থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন। এ সময় সিরাজপুর ইউনিয়নের ছাড়াভিটি এলাকা থেকেএকদল দুর্বৃত্ত তাঁকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর আশপাশের লোকজন কাছের একটি সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় শাকেরকে পড়ে থাকতে দেখে। এরপর তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে তিনি মারা যান। নিহত শাকেরের বাড়ি ছাড়াভিটি গ্রামে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, রাত সোয়া ১২টার দিকে শাকের নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তকালে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।
স্থানীয় একাধিক সূত্রমতে, শাকেরের বিরুদ্ধে সহিংসতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে। মামলা থেকে বাঁচতে কয়েক দিন আগে তিনি যুবদল ত্যাগ করে যুবলীগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এ নিয়ে যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর মতবিরোধ দেখা দেয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূর নবী চৌধুরী বলেন, শাকের যুবদলের নেতা। সম্প্রতি তিনি যুবলীগে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। এ নিয়ে আলাপ-আলোচনা চলছে। এখনো আনুষ্ঠানিকভাবে যোগ দেননি। হয়তো দলত্যাগের সিদ্ধান্তের কারণে দলের লোকদের হাতেই তিনি খুন হয়েছেন।
উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম বলেন, নিহত শাকের দলীয় কর্মকাণ্ডে বেশ সক্রিয় ছিলেন। রাজনৈতিক প্রতিপক্ষরাই তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, দলত্যাগের সিদ্ধান্ত নেওয়ায় যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে শাকেরের বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জের ধরে তাঁরা শাকেরকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে মুমূর্ষু অবস্থায় ফেলে যান। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের কেরামতিয়া বাজারে সন্ত্রাসীরা নূর হোসেন ওরফে সবুজ (২৮) নামে যুবদলের এক কর্মীকে পিটিয়ে হত্যা করেছে।তিনি কেরামতিয়া বাজারের চা-দোকানি ছিলেন।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, শার্টের একটি বোতাম খোলা থাকার অজুহাতে গত রোববার সন্ধ্যায় নূর হোসেন ওরফে সবুজের ছোট ভাই আরিফকে কেরামতিয়া বাজারে মারধর করেন চরদরবেশ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সাইফুল ইসলাম ওরফে জুয়েল ও তাঁর সঙ্গীরা। আরিফ স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। ছোট ভাইকে মারধরের খবর শুনে বড় ভাই সবুজ এগিয়ে গিয়ে মারধরের কারণ জানতে চান। এ নিয়ে জুয়েল ও সবুজের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাত নয়টার দিকে জুয়েলের নেতৃত্বে ছাত্রলীগের সাত-আটজন নেতা-কর্মী সবুজের ওপর হামলা চালান। তাঁরা সবুজকে বেধড়ক মারধর করে মুমূর্ষু অবস্থায় ফেলে চলে যান। স্থানীয় লোকজন সবুজকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে সবুজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। সেখানে নেওয়ার পথে গতকাল সোমবার ভোরে তিনি মারা যান।
সবুজের বাবা সাহাব উদ্দিন বলেন, তাঁর ছেলে যুবদল করলেও কোনো পদে ছিলেন না। অন্যায়ের প্রতিবাদ করায় জুয়েলের নেতৃত্বে সাত-আটজন তাঁকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছেন। তিনি জানান, সবুজের ২২ দিন বয়সী একটি ছেলেসন্তান আছে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম ওরফে জুয়েলের বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, জুয়েলের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, ছাত্রীদের উত্ত্যক্ত করাসহ বিভিন্ন অভিযোগ আছে। কিন্তু এলাকায় তাঁদের প্রভাবের কারণে কেউ মুখ খোলে না।
ঘটনার পর পালিয়ে যাওয়ায় ও মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে জুয়েলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সোনাগাজী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও চরদরবেশ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত জুয়েল ছাত্রলীগের স্থানীয় নেতা হলেও ঘটনাটি দলীয় ছিল না। শার্টের বোতাম খোলা থাকার মতো সামান্য বিষয়কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।