নোয়াখালী জেলা আ.লীগ নেতাকে গলা কেটে হত্যা
নোয়াখালী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. ইউসুফ আলী ওরফে নিশাত সেলিমকে (৫০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মাহতাবপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ইউছুফ আলী নোয়াখালীর সীমান্তবর্তী লক্ষ্মীপুর সদর উপজেলার চরসাই ইউনিয়নের তিতারকান্দি গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নোয়াখালীতে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতি করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগের নেতা ইউসুফ আলী গ্রামের বাড়ি থেকে বের হন। তিনি মোটরসাইকেলযোগে বাড়ির সামনের রাস্তায় ওঠামাত্র সাত-আটটি মোটরসাইকেলে করে একদল সশস্ত্র সন্ত্রাসী এসে তাঁকে ঘিরে ধরে কোপাতে থাকে। একপর্যায়ে তাঁর গলায় ধারালো অস্ত্র চালানো হয়। পরে পরিবারের ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
খবর পেয়ে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হাসপাতালে ভিড় করেন। এ সময় পরিবারের সদস্যদের আহাজারিতে হাসপাতালে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি প্রথম আলোকে বলেন, লক্ষ্মীপুরের সন্ত্রাসী সোলেমান বাহিনীর সদস্যরা ইউসুফকে হত্যা করেছে বলে তাঁরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।
ইউসুফ আলী হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন। তবে তিনি ঘটনাস্থল নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মাহতাবপুর বলে দাবি করেন।
এদিকে, নোয়াখালীর সুধারাম (সদর) থানার ওসি মোশারফ হোসেন তরফদার বলেন, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। সেটি লক্ষ্মীপুরের তিতারকান্দি এলাকা।
রাত সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইউসুফ হত্যাকাণ্ডে জড়িত কাউকে ধরতে পারেনি পুলিশ।