নোয়াখালী থেকে অপহৃত শিশু লক্ষ্মীপুরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল পৌরসভার দৌলতপুর এলাকা থেকে অপহরণের ১৭ দিন পর জিহাদ হোসেন নামের চার বছরের একটি শিশুকে লক্ষ্মীপুর থেকে উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার ভোররাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মায়ের বেড়ি নামক স্থান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. ইউছুফ (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
জিহাদের বাবা নূর নবী রিকশাচালক। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাটে। তিনি চাটখিল পৌরসভার দৌলতপুর এলাকায় থাকতেন। নূরনবী প্রথম আলোকে বলেন, গত ১৪ ফেব্রুয়ারি চিপস কিনে দেওয়ার কথা বলে তাঁর ছেলে জিহাদকে অপহরণ করে আবুল বাশার নামের এক ব্যক্তি। তাঁর বাড়ি লক্ষ্মীপুরে। তিনিও দৌলতপুর এলাকায় বসবাস করে রিকশা চালাতেন।
নূরনবী বলেন, বাশার মুঠোফোন এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে তাঁর ছেলেকে মেরে ফেলার হুমকি দেন তিনি। পরে তিনি বিকাশ করে বিভিন্ন সময়ে বাশারের কাছে প্রায় ১৭-১৮ হাজার টাকা পাঠান। সর্বশেষ পাঁচ দিন আগে বাশার ২০ হাজার টাকায় জিহাদকে ফেরত দিতে রাজি হয়।
পুলিশ জানায়, মুঠোফোনের কলতালিকা থেকে পুলিশ বাশারের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। মঙ্গলবার রাতে পুলিশ লক্ষ্মীপুরের কমলনগরে বাশারের বাড়িতে অভিযান চালান। পরে বাশারের বাড়ি থেকে তাঁর সহযোগী ইউছুফকে আটক করা হয়। আর পাশের বেড়িবাঁধের ওপর থেকে শিশু জিহাদকে উদ্ধার করা হয়।
চাটখিল থানার ওসি মো. নাছিম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।