নোয়াখালী শহরে দিনদুপুরে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরে হালিমা খাতুন নামের এক নারী ছিনতাইকারীদের কবলে পড়েছেন। গতকাল সোমবার বেলা একটার দিকে শহরের জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা ওই নারীর গলা থেকে একটি সোনার চেইন ও ১৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

হালিমা খাতুনের ছোট ভাই আবু নাসের বলেন, গতকাল বেলা একটার দিকে তাঁর বড় বোন জিলা স্কুলের সামনে ইসলামী ব্যাংকের শাখা থেকে ১৯ হাজার টাকা উত্তোলন করেন। পরে তিনি একটি ব্যাটারিচালিত ইজিবাইকে ওঠে শহরের খন্দকারপাড়ার বাসার উদ্দেশে যাত্রা করেন। ইজিবাইকটি জামে মসজিদ এলাকায় এলে যাত্রীবেশী তিন ছিনতাইকারী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর বোনের কাছ থেকে টাকা এবং সোনার চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ওই নারী থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।