নোয়াখালীতে অস্ত্রসহ যুবক আটক
নোয়াখালীর কবিরহাট উপজেলার উত্তর নরোত্তমপুর গ্রাম থেকে গতকাল রোববার ধারালো অস্ত্র ও কার্তুজসহ ওমর ফারুক (২৮) নামের এক ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা।
ওমর ফারুকের কাছ থেকে পাঁচটি কার্তুজ, দুটি চায়নিজ কুড়াল ও দুটি চাপাতি উদ্ধার করা হয়।
ফারুকের বাড়ি উপজেলার ঘোষবাগ ইউনিয়নের চর আলগী গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ওমর ফারুক তাঁর এক সহযোগীসহ মোটরসাইকেলযোগে নরোত্তমপুর গ্রামের একটি মাদ্রাসার সামনে এসে দাঁড়ান। এ সময় তাঁদের সঙ্গে থাকা চায়নিজ কুড়াল ও চাপাতি মাটিতে পড়ে যায়। স্থানীয় ব্যক্তিরা বিষয়টি দেখে তাৎক্ষণিকভাবে ওমর ফারুককে ধরে ফেলেন। এ সময় ফারুকের সহযোগী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী বিষয়টি থানায় জানালে পুলিশ ফারুককে আটক করে এবং তাঁর সঙ্গে থাকা অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে।
কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফারুকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।