নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইউপি সদস্যসহ দুজনকে কুপিয়ে জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের চৌধুরীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত জসিম উদ্দিন চরপার্বতী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। অপরজন আবুবকর ছিদ্দিক।
হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ইউপি সদস্যের ওপর হামলার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন মো. ফেরদৌস নামে এক যুবককে ধাওয়া দিয়ে ধরে ফেলে। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। গতকাল বুধবার বিকেলে হামলায় জড়িত সন্দেহে আরও দুই যুবককে আটক করেছে পুলিশ। তারা হলেন চরপার্বতী ইউনিয়নের ইসমাইল হোসেন এবং মো. হাসান।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে, ইউপি সদস্য জসিম উদ্দিন চৌধুরীহাট বাজারে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে আবুবকর ছিদ্দিকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় মুখোশধারী পাঁচ-ছয়জন দুর্বৃত্ত কার্যালয়ে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁদের আহত করে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ফেরদৌস নামের একজনকে ধরে ফেলেন। পরে তাঁকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গুরুতর আহত ইউপি সদস্য জসিম উদ্দিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত আবুবকরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।