নোয়াখালীতে এক রাতে চার বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের চার বাড়িতে গত সোমবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ১৪-১৫ জন ডাকাত সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাপ্তাহিক নোয়াখালীর কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক আফতাব আহমেদের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা আফতাব আহমেদ ও তাঁর ছোট ভাই মঈন আহমেদের বসতঘরের লোহার ফটক ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে লোকজনকে জিম্মি করে ফেলে। এরপর তারা ঘর দুটি থেকে ৪১ হাজার টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনার পর একই গ্রামের রইছুল হক চৌধুরীর বাড়ি, সিরাজপুর গ্রামের বাসিন্দা ও জুগিদিয়া উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিকের বাড়ি এবং আরিফুর রহমান চৌধুরীর বাড়িতে ঢুকে টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ডাকাতেরা তেমন কিছু নিতে পারেনি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।