নোয়াখালীতে এনজিও কর্মকর্তা খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে বসতি উন্নয়ন সংস্থা নামের একটি স্থানীয় বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তা তপন চন্দ্র ভৌমিককে (৪৪) নিজ কার্যালয়ে কুপিয়ে হত্যা করেছে এক বখাটে। গতকাল শনিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
পরে আশপাশের লোকজন এসে বখাটে আবু ছায়েদ ওরফে হুক্কু চোরাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। আবু ছায়েদ উপজেলার চর ফকিরা গ্রামের বাসিন্দা। আর তপন চন্দ্র ভৌমিক কবিরহাটের চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দিলামছি (অমরপুর) গ্রামের বাসিন্দা। তিনি বসতি উন্নয়ন সংস্থার প্রকল্প পরিচালক ছিলেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।