নোয়াখালীতে এসএসসি পরীক্ষার্থীর ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে হেদায়েত উল্লাহ নামের এক এসএসসি পরীক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার বসুরহাট এএইচসি সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে ওই পরীক্ষার্থী পুলিশের পাহারায় পরীক্ষায় অংশ নেয়।
হামলার শিকার হেদায়েত উল্লাহ বসুরহাট পৌরসভার করালিয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। বাণিজ্য বিভাগের ছাত্র হেদায়েত স্থানীয় যোগিদিয়া উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল পৌনে ১০টার দিকে হেদায়েত এএইচসি সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে গেলে সাত-আটজন যুবক তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে যুবকেরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এ সময় উপস্থিত পুলিশ সদস্য ও অন্যান্য লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। তবে হামলাকারী কাউকে আটক করতে পারেনি পুলিশ।
সূত্র জানায়, পরীক্ষার্থী হেদায়েত কিছুদিন আগে গ্রামের একটি মারামারির ঘটনার সঙ্গে জড়িত ছিল। ওই ঘটনায় মামলার পর সে আত্মগোপন করে। পরীক্ষা উপলক্ষে কয়েক দিন আগে সে বাড়িতে আসে। গতকাল প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। পরীক্ষা শেষে অভিভাবকেরা এসে ওই পরীক্ষার্থীকে বাড়িতে নিয়ে যান।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম সরদার প্রথম আলোকে বলেন, পরীক্ষাকেন্দ্রের বাইরে কিছু লোক এক পরীক্ষার্থীর ওপর হামলার চেষ্টা করে। ঘটনার পর পুলিশের একজন কর্মকর্তাকে পরীক্ষার হলের সামনে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়।
কেন্দ্রসচিব ও প্রধান শিক্ষক মো. সোলেমান বলেন, কিছু লোক কেন্দ্রের মাঠে এক পরীক্ষার্থীর ওপর হামলার চেষ্টা করলে পুলিশ ও কেন্দ্রে থাকা অন্য লোকজন তাকে রক্ষা করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ওই পরীক্ষার্থী একটি মারামারির মামলার আসামি।