নোয়াখালীতে কলেজছাত্রকে গুলি করে হত্যা

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মুঠোফোন ছিনতাইয়ের চেষ্টার ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বটগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. আসিফ উদ্দিন ওরফে শান্ত (২১) নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাবা সাহাব উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার পেশকারহাট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
নিহত আসিফ উদ্দিনের মামা হাবিবুর রহমান বলেন, গত বুধবার বিকেলে তাঁর অষ্টম শ্রেণিতে পড়ুয়া ভাগনে শাওন মুঠোফোন নিয়ে বাড়ির পাশে বসে গেম খেলছিল। এ সময় মোটরসাইকেল আরোহী তিন যুবক পাশ দিয়ে যাওয়ার সময় শাওনকে মারধর করে মুঠোফোন ছিনিয়ে নেন। শাওনের চিৎকারে আশেপাশের লোকজন এসে মোটরসাইকেল আরোহী শাহেদ ও তাঁর ছোট ভাই শান্তকে ধরে ফেলেন। অন্যজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। পরে শাহেদ ও শান্তকে পিটুনি দিয়ে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, এ ঘটনার জের ধরে বুধবার রাতে শাহেদ ও তাঁর লোকজন এলাকায় ব্যাপক বোমাবাজি করেন। এ সময় সন্ত্রাসীরা আসিফদের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির লোকজনকে দেখে নেওয়ারও হুমকি দেয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শাহেদ ও শান্তর নেতৃত্বে একদল সন্ত্রাসী আসিফদের বাড়ির আশেপাশে মহড়া দেয়। একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে তারা (সন্ত্রাসীরা) বাড়িতে হামলা চালায়। এ সময় শাওনের বড় ভাই আসিফ ঘর থেকে বের হয়ে ডাকাত বলে চিৎকার দিলে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে। আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা তাঁদের ওপরও হামলা চালায়। সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আরও তিনজন আহত হন।
হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে আসিফকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের মধ্যে মনির হোসেনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং মো. মোহন ও বেলাল হোসেনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্দেহভাজন হামলাকারী শাহেদ ও শান্তর আবিরপাড়া গ্রামের বসতঘরে তল্লাশি চালিয়ে দুটি এলজি ও বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, শাহেদ স্থানীয়ভাবে একটি সন্ত্রাসী বাহিনী পরিচালনা করেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আসিফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর হৃদ্যন্ত্র ও ফুসফুসে গুলি লেগেছে। এ ছাড়া তাঁর ডান পায়ের ওপরের দিকেও গুলি লাগে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।