নোয়াখালীতে কিশোরসহ দুজন খুন
নোয়াখালীর সেনবাগ উপজেলায় গতকাল শনিবার বড় ভাইয়ের লাঠির আঘাতে এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। একই দিন কবিরহাট উপজেলার একটি ধানখেত থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া গ্রামের আবদুল মতিন ওরফে বাবুল (৪০) ও কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নের চন্দ্রশুদ্ধি গ্রামের আবু তাহের ওরফে শাকিল (১৫)।
পুলিশ ও প্রতিবেশীরা বলেন, গতকাল সকাল ১০টার দিকে সেনবাগ উপজেলার জিরুয়া গ্রামের এক পুকুরঘাটে ভাবি লাকি আক্তারের সঙ্গে ঝগড়া বাধে দেবর আবদুল মতিনের। একপর্যায়ে মতিন তাঁর ভাবির সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হন। এ সময় বড় ভাই আবদুল লতিফ এলে মতিন তাঁর সঙ্গেও বাগ্বিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে লতিফ তাঁর হাতে থাকা লাঠি দিয়ে মতিনের মাথায় আঘাত করলে তিনি পানিতে পড়ে যান। এ সময় আশপাশের লোকজন এসে মতিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে বড় ভাই পলাতক আছেন।
অপরদিকে কবিরহাট উপজেলার আবুল হাশেমের ছেলে আবু তাহের স্থানীয় ভূঁইয়ার হাটে একটি ওয়ার্কশপে কাজ করত। গত শুক্রবার সন্ধ্যায় আবু তাহের একটি সাইকেল ওই বাজারের জাফর মেকানিকের দোকানে আনে মেরামতের জন্য। বাজারে থাকা কয়েক ব্যক্তি বলেন, এ সময় অজ্ঞাতনামা কয়েক যুবক এসে ওই সাইকেলটি তাদের বলে দাবি করে ও তাহেরকে মারতে মারতে সেখান থেকে তুলে নিয়ে যায়।
আবু তাহেরের ভাই আবু নাছের বলেন, এ ঘটনার পর খবর পেয়ে তাঁরা রাতে বিভিন্ন স্থানে তাহেরকে খোঁজেন, কিন্তু কোনো সন্ধান পাননি। পরে গতকাল সকালে গ্রামের জামতলা এলাকার একটি ধানখেতে লাশ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন তাঁদের খবর দিলে তাঁরা গিয়ে লাশ শনাক্ত করেন।
কবিরহাট থানার ওসি মুক্তার হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাহেরের গলায় ও বুকে কালো দাগ দেখা গেছে। নিহত কিশোরের পরিবারের অভিযোগ অনুযায়ী একটি সাইকেল চুরির অভিযোগ তুলে কয়েক যুবক তাহেরকে ধরে নিয়ে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে রাখে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জাফর মেকানিক ও তাঁর ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।