নোয়াখালীতে কিশোরীকে ধর্ষণ, পরিবারকে হুমকি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা বাড়ি থেকে তুলে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনার পর পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। কিশোরীকে নোয়াখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষণের ঘটনায় গতকাল রোববার কিশোরীর বাবা সুবর্ণচরের চরজব্বার থানায় পাঁচ-ছয়জনকে আসামি করে নারী ও শিশু
নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
কিশোরীর মা জানান, ভিটেমাটি ছাড়া তাঁদের কিছু নেই। ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি না করতে তাঁদের নানাভাবে নানা হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি জানান, যারা ধর্ষণ করেছে, তারা এলাকার প্রভাবশালী।
হাসপাতালের চিকিৎসক মো. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, কিশোরীটি খুবই অসুস্থ হয়ে পড়েছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এনামুল কবির জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।