নোয়াখালীতে গণপিটুনিতে 'ছিনতাইকারী' নিহত
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের বাঁশের দোকান এলাকায় ছিনতাইকারী সন্দেহে জনতার পিটুনিতে মো. বাবুল (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বাবুলের বাড়ি উপজেলার পশ্চিম চর জুবলী গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, বুধবার রাত নয়টার দিকে বাবুল হাতিয়ার নঙ্গলিয়ার চরের ভূমিহীন বাজার থেকে মো. নুরুজ্জামানের (২৫) মোটরসাইকেল ভাড়া করেন। এরপর রাত আনুমানিক ১০টার দিকে বাবুল চর ওয়াপদার বাঁশের দোকান এলাকায় নিয়ে নুরুজ্জামানকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় নুরুজ্জামানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বাবুলকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। আহত নুরুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সুবর্ণচরের চর জব্বার থানার পুলিশ বাবুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, যাত্রী সেজে ভাড়ায়চালিত মোটরসাইকেল ছিনতাইকালে ওই গণপিটুনির ঘটনা ঘটে। তিনি জানান, এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে।