নোয়াখালীতে গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে ছাত্রলীগ-সমর্থক দুই পক্ষের বিরোধের জের ধরে এক পক্ষের গুলিতে ফজলে রাব্বি ওরফে রাজিব (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হন। গতকাল সোমবার রাত পৌনে আটটার দিকে সুধারাম থানার সীমান্ত-সংলগ্ন বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফজলে রাব্বির বাড়ি নোয়াখালী জেলা সদরে। তাঁর একাধিক বন্ধু বলেছেন, তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিনও ফজলে রাব্বিকে তাঁদের কর্মী বলে দাবি করেছেন। তবে রাব্বির মামা মেজবাহ উদ্দিনের দাবি, তাঁর ভাগ্নে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি নোয়াখালী সরকারি কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গতকাল রাত পৌনে আটটার দিকে জেলা ছাত্রলীগের সদস্য মো. ওয়াসিম (২৪) সংগঠনের কর্মী মো. ইয়াছিন (২৩) এবং তাঁদের বন্ধু ফজলে রাব্বিকে নিয়ে মোটরসাইকেলযোগে নোয়াখালী কলেজ-সংলগ্ন (একাদশ-দ্বাদশ শ্রেণির ক্যাম্পাস) অনন্তপুরে যান। সংগঠনের জুনিয়র কর্মীদের একটি বিরোধের বিষয় নিয়ে ছাত্রলীগ-সমর্থক একটি পক্ষের সঙ্গে তাঁরা কথা বলছিলেন। এ সময় সেখানে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই তিনজনকে লক্ষ করে গুলি চালানো হয়। এতে ফজলে রাব্বি ঘটনাস্থলেই নিহত এবং মো. ওয়াসিম ও মো. ইয়াছিন গুলিবিদ্ধ হন।
মো. ওয়াসিম ও মো. ইয়াছিনকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী জানান, গুলিবিদ্ধ দুজনের অবস্থা খুব বেশি ভালো নয়। দুজনেরই পেটে গুলি লেগেছে।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমন ভট্ট প্রথম আলোকে বলেন, কলেজের ছাত্রলীগের জুনিয়র কর্মীদের মধ্যকার একটি বিরোধের মীমাংসা করতে ছাত্রলীগের নেতা ওয়াসিম ও কর্মী মো. ইয়াছিন তাঁদের বন্ধু ফজলে রাব্বিকে নিয়ে কলেজপাড়ায় গেলে এক পক্ষ তাঁদের লক্ষ্য করে গুলি করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক ও সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ-সমর্থক দুটি পক্ষের পূর্ববিরোধের জের ধরে ওই ঘটনা ঘটে। আহত দুজন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেলেও রাজিবের রাজনৈতিক পরিচয় সম্পর্কে তাঁরা এখনো নিশ্চিত হতে পারেননি। তাঁরা বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।