নোয়াখালীতে গুলিতে ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট উত্তর বাজারে গতকাল রোববার সন্ত্রাসীর গুলিতে নিজাম উদ্দিন (২৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিজাম উদ্দিনের বাড়ি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামে। সেবারহাট উত্তর বাজারে প্রিয়া মেটাল ওয়ার্কস নামে তাঁর একটি ওয়েল্ডিং কারখানা আছে।
হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল বিকেলে সেবারহাট বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে আসেন। তাঁরা নিজামের লাশ ফেনী-নোয়াখালী সড়কের ওপর রেখে প্রতিবাদ জানান। এ সময় সড়কে এক ঘণ্টারও বেশি সময় যানবাহন চলাচল বন্ধ থাকে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, ব্যবসায়ী নিজাম উদ্দিনের সঙ্গে পাশের ফেনীর দাগনভূঞা উপজেলার সেকান্তরপুর গ্রামের আনোয়ার ও সোহেলের লেনদেন ছিল। গতকাল বেলা ১১টার দিকে আনোয়ার ও সোহেল সন্ত্রাসী আলাউদ্দিনকে নিয়ে নিজাম উদ্দিনের দোকানে যান। আনোয়ার ও সোহেলের দাবি, তাঁরা নিজামের কাছে ৫০ হাজার টাকা পাবেন। এ নিয়ে গতকাল নিজামের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আলাউদ্দিন ব্যবসায়ী নিজামকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে। গুলিটি নিজামের বুকে লাগে। এরপর ওই তিনজন মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়।
সূত্র জানায়, ঘটনার পর স্থানীয় লোকজন গুলিবিদ্ধ নিজামকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে বেলা একটার দিকে নিজামের মৃত্যু হয়।
সেনবাগ থানার ওসি মোস্তফা কামাল জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।