নোয়াখালীতে গুলিতে যুবদল কর্মী নিহত
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বটগ্রামে সন্ত্রাসীদের গুলিতে হাবিবুর রহমান ওরফে হাবিব (২২) নামে যুবদলের এক কর্মী মারা গেছেন।
গত শনিবার সন্ধ্যায় হাবিবুর রহমান গুলিবিদ্ধ হন। গত রোববার ভোরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
হাবিবুর রহমানের বাড়ি বটগ্রামে। উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সেলিম বলেন, রাজনৈতিক বিরোধের জের ধরে প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মীরা তাঁকে হত্যা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় ১৫-২০ জন সশস্ত্র সন্ত্রাসী হাবিবুরের বাড়িতে হানা দেয়। সন্ত্রাসীদের ভয়ে তিনি বাড়ির পেছনের ধানখেত দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে হাবিবুর গুরুতর আহত হন।
সূত্র জানায়, ঘটনার পর পরিবারের লোকজন হাবিবুরকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রোববার ভোরে তিনি সেখানে মারা যান।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফুল ইসলাম বলেন, এ ঘটনায় গতকাল সোমবার দুপুর পর্যন্ত থানায় মামলা হয়নি।
আনোয়ারায় ব্যবসায়ীর লাশ উদ্ধার
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের পূর্ব বারখাইন গ্রামে দোকানের পেছন থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে মোহাম্মদ মফিজ (৭৫) নামের ওই ব্যবসায়ী তাঁর মুদির দোকানে খুন হন। সকালে দোকানের পেছন থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, এ ঘটনায় নিহত ব্যবসায়ীর ভাতিজা থানায় মামলা করেছেন।