নোয়াখালীতে গুলিতে যুবলীগ কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারে সন্ত্রাসীদের গুলিতে মো. ইব্রাহিম (৩২) নামে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। এ সময় সাইফুল ইসলাম (২৫) নামে ছাত্রলীগের এক নেতা গুলিবিদ্ধ হন। গতকাল মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।

যুবলীগের নিহত কর্মী ইব্রাহিমের বাড়ি সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে। গুলিবিদ্ধ সাইফুল আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি। তাঁর বাড়ি আমিশাপাড়া ইউনিয়নের আফুলশি গ্রামে।

পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াস শরীফ প্রথম আলোকে বলেন, যুবলীগের এক পক্ষের গুলিতে অপর পক্ষের কর্মী ইব্রাহিম মারা গেছেন।

স্থানীয় সূত্রের ভাষ্যমতে, রাত সোয়া আটটার দিকে আমিশাপাড়া বাজারের একটি রেস্তোরাঁর সামনে চারটি মোটরসাইকেলযোগে আসা একদল সন্ত্রাসী ইব্রাহিমকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় ইব্রাহিমের পাশে থাকা সাইফুল আহত হন।

সূত্র জানায়, মোটরসাইকেলযোগে যারা এসেছিল, তারা সবাই যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ঘটনার জের ধরে রাত নয়টার দিকে সোনাপুর যুবলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও বিক্ষিপ্ত গোলাগুলির ঘটনা ঘটে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফ উল ইসলাম যুবলীগের দুই পক্ষের গোলাগুলি ও সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে রাত ১০টার দিকে প্রথম আলোকে জানান, তিনি ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন জানান, যুবলীগের কর্মী ইব্রাহিমকে কারা হত্যা করেছে, তা তিনি এখনো জানতে পারেননি।