নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের আমকি গ্রামে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গৃহবধূর বরাত দিয়ে পুলিশ জানায়, ওই গৃহবধূ চাঁদপুরের ফরিদগঞ্জের স্বামীর বাড়ি থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জের বাবার বাড়ি যাওয়ার উদ্দেশে গত শুক্রবার বিকেলে বাসে ওঠেন। সন্ধ্যার পর লক্ষ্মীপুরের রায়পুরে ওই বাসের সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। এ সময় বাবার বাড়ি যেতে বাসস্ট্যান্ডের লোকজনের সহায়তা চান ওই গৃহবধূ। এ সময় আরেকটি বাসের চালক শাহ আলম তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। এরপর বাসচালক শাহ আলম ওই গৃহবধূকে বাড়ি পৌঁছে না দিয়ে জয়াগ ইউনিয়নের আমকি গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানে নিয়ে শাহ আলম ও তাঁর তিন সহযোগী ওই গৃহবধূকে রাতভর ধর্ষণ করেন।
জয়াগ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. নূর আলম প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে গ্রামের লোকজন ওই গৃহবধূকে পরিত্যক্ত বাড়িতে দেখতে পান। পরে ওই গৃহবধূ গ্রামবাসীকে ঘটনা সম্পর্কে জানান। তিনি জানান, ওই এলাকার বাসিন্দা শাহ আলমকে তাঁর বাড়িতে খোঁজ করেও পাওয়া যায়নি।
পুলিশ জানায়, গতকাল শনিবার সকালে সোনাইমুড়ী থানার পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে। তিনি (গৃহবধূ) বর্তমানে থানার হেফাজতে আছেন।
সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জয়দেব কুমার দাস জানান, গতকাল বিকেলে ওই গৃহবধূর মা-বাবা থানায় এসেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি জানান, রোববার (আজ) ডাক্তারি পরীক্ষার জন্য ওই গৃহবধূকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।