নোয়াখালীতে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের আমানতপুর গ্রামে যৌতুকের জন্য নির্যাতন করে সীমা আক্তার (২৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূর শাশুড়ি ও এক ননদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সীমার বাবার বাড়ি একই উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদিনগর গ্রামে। তিনি নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
সীমার চাচাতো ভাই সাইফুল ইসলাম বলেন, তিন বছর আগে আমানতপুর গ্রামের বাসিন্দা ওষুধ কোম্পানির কর্মকর্তা ফিরোজ আলমের সঙ্গে সীমার বিয়ে হয়। বিয়ের পর থেকে মোটরসাইকেল কেনার জন্য বাবার বাড়ি থেকে যৌতুক এনে দিতে সীমার ওপর
চাপ দিয়ে আসছিলেন ফিরোজ। যৌতুকের জন্য স্বামী, শাশুড়ি ও ননদেরা বিভিন্ন সময় সীমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।
সাইফুল ইসলাম বলেন, গত রোববার সকালে সীমা তাঁর মা রাবেয়া বেগমকে ফোন করে বলেন, তাঁর ওপর নির্যাতন চালানো হচ্ছে। দুপুরের দিকে সীমার শ্বশুরবাড়ি থেকে তাঁদের জানানো হয় সীমা অসুস্থ। তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে তাঁরা হাসপাতালে গিয়ে সীমার লাশ দেখতে পান। তাঁর অভিযোগ, নির্যাতনে সীমার মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর সীমার লাশ বাবার বাড়ির লোকজনের কাছে হস্তান্তর করা হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তকালে সীমার হাতে আঘাতের দাগ দেখা গেছে। এ ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি। ভিসেরা পরীক্ষার পর জানা যাবে, কী কারণে তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় সীমার স্বামী, শাশুড়ি ও দুই ননদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক জানান, পুলিশ এ ঘটনায় সীমার শাশুড়ি ফুলমতি বেগম (৫৫) ও ননদ পপি আক্তারকে (২৪) গ্রেপ্তার করেছে। তাঁদের গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।