নোয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের চর জিয়াউদ্দিন থেকে সাফিয়া বেগম (৩৩) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার সকালে সুবর্ণচরের চর জব্বার থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
পরে লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্বামীর পরিবারের পক্ষ থেকে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করা হলেও নিহত সাফিয়ার পরিবারের অভিযোগ, স্বামী আবদুল হাশিমের নির্যাতনে সাফিয়ার মৃত্যু হয়েছে।
লাশের সুরতহাল প্রস্তুতকারী চর জব্বার থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক তদন্তে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত না হওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর না করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলেই জানা যাবে মৃত্যুর কারণ।’
নিহত সাফিয়ার বড় ভাই আলতাফ হোসেন জানান, প্রায় ১৮ বছর আগে চর জুবলী ইউনিয়নের চর জিয়াউদ্দিনের মধ্যম বাগ্গা গ্রামের আবদুল হাশিমের সঙ্গে মধ্যম চরবাগ্গা গ্রামের নুর ইসলামের মেয়ে সাফিয়া বেগমের বিয়ে হয়। তাঁদের সংসারে পাঁচটি সন্তান রয়েছে।
আলতাফ হোসেন অভিযোগ করেন, বিয়ের পর থেকেই সংসারের বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এ জন্য প্রায়ই ভগ্নিপতি আবুল হাশিম তাঁর বোনকে মারধর করতেন। কয়েক দিন আগে স্বামীর মারধরে মাথা ফেটে যায় বোনের। সর্বশেষ গত শুক্রবার রাতে নির্যাতন করে সাফিয়াকে হত্যা করা হয় বলে দাবি করেন আলতাফ।
সুবর্ণচরের চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এনামুল কবির প্রথম আলোকে বলেন, পাঁচ সন্তানের জননী আত্মহত্যা করেছেন বলে স্বামীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিতভাবে জানানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।