নোয়াখালীর বেগমগঞ্জের একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে গুলিভর্তি একটি এলজি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সহিদ (৪৫), মো. আজাদ (৪৫), আবদুর রব (৫০), মো. জসিম উদ্দিন (৩০), মো. রাসেল (২০) ও জামাল উদ্দিন (১৯)।
সহকারী পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার রাতে আন্তজেলা ডাকাত দলের সর্দার সহিদের নেতৃত্বে বেগমগঞ্জের রাজগঞ্জের একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি চলছে—এ খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বেগমগঞ্জের গাবুয়া এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি করে ডাকাত সর্দার সহিদ ও তাঁর সহযোগী আজাদকে আটক করা হয়। একই সময় বেগমগঞ্জ থানার পুলিশের একটি দল রাজগঞ্জ এলাকা থেকে একই দলের জসিম, রাসেল ও জামালকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে বেশ কিছু ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, আটক পাঁচ ডাকাতের স্বীকারোক্তির ভিত্তিতে লক্ষ্মীপুরের রায়পুরের মধুপুর থেকে একটি গুলিভর্তি এলজিসহ আবদুর রবকে আটক করা হয়।