নোয়াখালীতে গয়নার দোকানে হামলা-ভাঙচুর, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে প্রিয়া শিল্পালয় নামের একটি গয়নার দোকানে হামলা-ভাঙচুর ও মালিক প্রণব রায়কে (৪৫) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
সেনবাগ থানার পুলিশ আহত প্রণব রায়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পূর্ব বিরোধের জের ধরে পার্শ্ববর্তী ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর এলাকার জামাল উদ্দিনের নেতৃত্বে ১০-১২ জনের একদল যুবক ওই হামলা চালায় বলে জানা গেছে।
প্রণব রায়ের স্ত্রী আল্পনা রায় অভিযোগ করেন, শনিবার সন্ধ্যায় সেবারহাট বাজারের ‘ফেইথফুল মাল্টিপারপাস’-এর মালিক জামাল উদ্দিনের নেতৃত্বে একদল যুবক অতর্কিতে তাঁদের প্রিয়া শিল্পালয় নামের গয়নার দোকানে হামলা চালায়। তারা এ সময় দোকানে ব্যাপক ভাঙচুর করে এবং তাঁর স্বামীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
এ সময় আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে। কিন্তু সেখানেও হামলাকারীরা তাঁর স্বামীর ওপর হামলার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতাল থেকে তাঁর স্বামীকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলায় গুরুতর আহত হওয়ায় তিনি এখনো খুব একটা কথা বলতে পারছেন না।
তবে হামলার ঘটনায় অভিযুক্ত জামাল উদ্দিনের মুঠোফোনে বারবার ফোন করেও ফোন বন্ধ পাওয়া যায়। পরে একই বিষয়ে সেবারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাহার উল্লা বলেন, প্রণব রায়ের ভাগনে অসীম সেবারহাট বাজারে আরেকটি গয়নার দোকানের মালিক। সম্প্রতি অসীম এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ব্যবসার কথা বলে প্রায় দেড় কোটি টাকা নিয়ে উধাও হয়ে যান।
তিনি জানান, অসীম যাওয়ার সময় তাঁর জায়গাজমি মামা প্রণব রায়ের নামে লিখে দিয়ে যান। এ ঘটনায় পাওনাদারেরা অসীমের খোঁজ দেওয়ার জন্য তাঁর মামা প্রণব রায়কে চাপ দেন। একপর্যায়ে প্রণব রায় তাঁর ভাগনেকে এনে দেন এবং পাওনাদারদের টাকা নিজে পরিশোধের দায়িত্ব নেন। কিন্তু যথাসময়ে মানুষজনের টাকা না দেওয়ায় তাঁরা দোকানে গিয়ে হামলা চালায়। তবে হামলাকারীদের নাম বলতে পারেননি সমিতির সভাপতি বাহার উল্লা।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন বলেন, গয়নার দোকানে হামলা ও মালিক প্রণব রায় ও তাঁর ভাগনের কাছে এলাকার মানুষজন বেশ কিছু টাকা পাওনা। এ নিয়ে বেশ কিছুদিন ধরে নানা সালিস-দরবার চলে আসছে। যার জের ধরে শনিবার সন্ধ্যায় পাওনাদারেরা তাঁর ওপর ও দোকানে হামলা চালিয়েছে। খবর পেয়ে তিনি আহতাবস্থায় প্রণব রায়কে উদ্ধার করেন। তবে ঘটনার বিষয়ে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করেননি প্রণব রায়।